Logo

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা : পরমাণু অস্ত্রে এগিয়ে কে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৫৭

অ
ভারত-পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা : পরমাণু অস্ত্রে এগিয়ে কে?

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ ও হুমকি-ধমকি চলছে।

ভারতের দাবি, এই হামলার সঙ্গে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’ জড়িত। হামলার পর ভারত ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে থাকা পাকিস্তানিদের চলে যেতে বলেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও সে দেশে থাকা ভারতীয়দের অবাঞ্ছিত ঘোষণা করে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি যেকোনো সময় যুদ্ধের দিকে গড়াতে পারে। তাই প্রশ্ন উঠছে—যদি যুদ্ধ হয়, কে কতোটা প্রস্তুত?

পরমাণু অস্ত্র
আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণ সংস্থা 'ডিফেন্স সিকিউরিটি এশিয়া’র তথ্যমতে, পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পারমাণবিক অস্ত্র। আর ভারতের কাছে রয়েছে ১৩০ থেকে ১৪০টি। অর্থাৎ, পরমাণু অস্ত্রের দিক দিয়ে পাকিস্তান সামান্য এগিয়ে।

সেনা সংখ্যা
ভারতের সক্রিয় সেনা সংখ্যা ২১ লাখ ৪০ হাজার। রিজার্ভে রয়েছে ১১ লাখ ৫৫ হাজার সৈন্য। এ ছাড়া যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে ৩১ কোটি সেনা।

অপরদিকে, পাকিস্তানে সক্রিয় সেনা রয়েছে ৬ লাখ ৫৩ হাজার। রিজার্ভে রয়েছে ৫ লাখ ১৩ হাজার সেনা। আর যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে চার কোটি সেনা।

স্থলবাহিনী
ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে চার হাজার ৬১৪টি ট্যাংক। সামরিকযান রয়েছে পাঁচ হাজার ৬৮১টি এবং রকেট আর্টিলারি রয়েছে ২৯২টি।

বিপরীতে পাকিস্তান স্থলবাহিনীর রয়েছে দুই হাজার ৭৩৫টি ট্যাংক। সামরিকযান রয়েছে তিন হাজার ৬৬টি। রকেট আর্টিলারি রয়েছে ১৩৪টি।

বিমান বাহিনী
ভারতের যুদ্ধবিমান রয়েছে দুই হাজার ২১৬টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ায় তৈরি মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, সুখোই-৩০এমকেআই, ব্রিটেন-ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০। পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে এক হাজার ১৪৩টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ-৭পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ফেলকন।

নৌবাহিনী
আমর্ডফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনীর রয়েছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার এবং বিমানবহনকারী জাহাজ দুটি। অন্যদিকে পাকিস্তানের রয়েছে পাঁচটি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।

যুদ্ধ হবে?
পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। দুই পক্ষই কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পথে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হলে তা শুধু ভারত-পাকিস্তানের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়াজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন