Logo

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাসহ মানুষের ঢল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৩৯

অ
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাসহ মানুষের ঢল

রোমান ক্যাথলিকদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান শনিবার (স্থানীয় সময়) সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে।

সকালের প্রথম প্রহর থেকেই ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের বিশাল চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয় আনুষ্ঠানিকতা। শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য এবং হাজারো সাধারণ মানুষ ভ্যাটিকানে ভিড় করেছেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিশ্বনেতারা শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ ও রানী লেতিজিয়া এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এ ছাড়া প্রথম বিদেশ সফরে রোমে এসে শেষকৃত্যে যোগ দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। 

অনুষ্ঠানে আরও থাকছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লালোদিমির জেলেনস্কি, স্ত্রী ওলেনা জেলেনস্কা ও একটি প্রতিনিধিদলসহ ইতোমধ্যে রোমে পৌঁছে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সস্পিলনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র।

বিশ্বনেতাদের পাশাপাশি হাজার হাজার ক্যাথলিক ধর্মাবলম্বী এবং সাধারণ মানুষও শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়েছেন।

এর আগে গত বুধবার সকালে পোপ ফ্রান্সিসের মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় আনা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য মরদেহ প্রদর্শনের সুযোগ রাখা হয়। এ সময় প্রায় দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বলে ভ্যাটিকান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

প্রথম দিন বুধবার মরদেহ দর্শনের জন্য ব্যাসিলিকা রাতভর খোলা রাখা হয়েছিল, যাতে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা তাঁদের প্রিয় ধর্মগুরুকে শেষবারের মতো দেখতে পারেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যু ক্যাথলিক বিশ্বে গভীর শোকের ছায়া ফেলেছে। তাঁর জীবন ও কর্মের স্মরণে আজকের এ বিদায়ী অনুষ্ঠান রোম ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। (তথ্যসূত্র: বিবিসি)

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন