ভিডিও
ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:১৬
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ /ছবি : সংগৃহীত
ইরানের বন্দর আব্বাসে একটি বিশাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত এই বন্দর নগরীতে শনিবার এ ঘটনা ঘটে।
ইরানের কাস্টমস কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়েছে, বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে, যা দেশটির বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থার অধীনস্থ।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
📹 اعلام آمادهباش در بندرعباس
— خبرگزاری تسنیم 🇮🇷 (@Tasnimnews_Fa) April 26, 2025
با اینکه هنوز تعداد تلفات و مجروحان این حادثه مشخص نیست، اما آنچه در بندر اکنون قابل مشاهده است تعداد بالای مصدومان است https://t.co/kDlYyEXeH9 pic.twitter.com/Cf7o3kbJTT
হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মেহরদাদ হাসানজাদে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে কতজন আহত হয়েছেন, তা উল্লেখ করেননি।
এর আগে হরমুজগান বন্দর ও সমুদ্র প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকিজাদে জানান, শাহিদ রাজাই বন্দরের ডকের কাছে বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিস্ফোরণস্থল থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে।
অন্যান্য ভিডিওতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন ও যানবাহনের দৃশ্যও দেখা গেছে। অনেক মানুষ আহতদের সেবা করতে এবং ক্ষয়ক্ষতির অবস্থা দেখতে ঘটনাস্থলের চারপাশে ছুটোছুটি করছিলেন।
উল্লেখ্য, শাহিদ রাজাই বন্দর মূলত কন্টেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এখানে তেলের ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে।
ওএফ

