Logo

আন্তর্জাতিক

পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় জওয়ান, অপেক্ষায় অন্তঃসত্ত্বা স্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫২

অ
পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক ভারতীয় জওয়ান, অপেক্ষায় অন্তঃসত্ত্বা স্ত্রী

ভুল করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করে দেশটির সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বুধবার এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত তাকে উদ্ধার করেনি ভারত সরকার।

শনিবার (২৬ এপ্রিল) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জওয়ানের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তিনি তার স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন। 

সংবাদমাধ্যমটি আরও জানায়, স্বামীকে ফিরে পেতে রোববার তিনি পরিবারের ৫ সদস্যকে নিয়ে পাঠানকোটের উদ্দেশে রওনা দেবেন। আর এ উদ্দেশ্যে এরই মধ্যে প্রদেশের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও রাজ্যপালকে। 

জওয়ানের স্ত্রী, পরিবার ও কংগ্রেস সভাপতির আবেদন- খুব শিগগিরই ওই জওয়ানের মুক্তির জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

প্রেরিত ওই চিঠিতে শুভঙ্কর সরকার লিখেছেন, সীমান্ত সুরক্ষায় আমাদের বাংলার সেনা সদা নিয়োজিত। এর মধ্যে হুগলির পূর্ণমকুমার সাউ ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়ে রয়েছেন। চিন্তায় তার পরিবারের করুণ অবস্থা আমি দেখে এসেছি। তাই আমার আবেদন, কেন্দ্র সরকারের কাছে রাজ্য এ বিষয়ে দ্রুত, যথাযথ পদক্ষেপ করবে। মানবিকতার স্বার্থেই পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবে। 

তিনি আরও লেখেন, আমি মনে করি, আপনাদের এই উদ্যোগ কেন্দ্রের ওপর চাপ তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি, আমাদের বীর বঙ্গসন্তানের পরিবারের নিরাপত্তা এবং পাকিস্তানের হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি রাজ্য সরকার মানবিকতার দৃষ্টিতে দেখে পদক্ষেপ নেবে।

গত বুধবার থেকে নিখোঁজ হুগলির বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। বৃহস্পতিবার এই খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার হুগলির রিষড়ায় তার বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। 

শনিবার জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ জানান, স্বামীর খোঁজে তারা পাঠানকোট যাচ্ছেন, সেখানেই পোস্টিং পূর্ণমকুমারের। এরপরই জওয়ানকে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে জানালেন শুভঙ্কর সরকার।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন