Logo

আন্তর্জাতিক

গুজরাট থেকে ১০২৪ ‘বাংলাদেশি’ আটকের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২১

অ
গুজরাট থেকে ১০২৪ ‘বাংলাদেশি’ আটকের দাবি

গুজরাটে বেআইনিভাবে বসবাসকারীদের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান /ছবি : পিটিআই

ভারতের গুজরাট অঙ্গরাজ্যের আহমেদাবাদ ও সুরাত শহরে যৌথ অভিযানে চালিয়ে ১০২৪ বেশি অবৈধ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। 

শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি জানিয়েছেন, তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্ত্রী জানান, শুধু আহমেদাবাদেই অন্তত ৮৯০ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সুরাতে আটক হয়েছেন আরও ১৩৪ জন। গুজরাট পুলিশের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় অভিযান এটি।

তিনি অবৈধ অভিবাসীদের সতর্ক করে বলেন, গুজরাটে যারা বেআইনিভাবে বসবাস করছেন, তারা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করুন, না হলে তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি, অবৈধ অভিবাসীদের আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হর্ষ সাংঘভি বলেন, অবৈধ বাংলাদেশিদের ধরতে গুজরাট পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। আহমেদাবাদ পুলিশ ৮৯০ ও সুরাত পুলিশ ১৩৪ অবৈধ বাংলাদেশিকে আটক করেছে। গুজরাটে বেআইনিভাবে বসবাসকারীদের বিরুদ্ধে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অভিযান।

তিনি জানান, আটককৃতরা পশ্চিমবঙ্গ থেকে জাল নথিপত্র সংগ্রহ করে প্রথমে ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল। পরে গুজরাটে এসে বসবাস শুরু করে।

মন্ত্রী আরও বলেন, এদের মধ্যে অনেকেই মাদক পাচার, মানব পাচার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। সম্প্রতি গ্রেপ্তার হওয়া চার বাংলাদেশির মধ্যে দুজন আল-কায়েদার স্লিপার সেলের সদস্য ছিল। এ কারণে আটককৃতদের অতীত কর্মকাণ্ড ও গুজরাটে তাদের কার্যকলাপের বিস্তারিত তদন্ত করা হবে।

তিনি বলেন, তাদের দ্রুত দেশে ফেরত পাঠাতে সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

হর্ষ সাংঘভি আরও জানান, আটককৃতদের জাল নথিপত্র কীভাবে তৈরি করা হয়েছিল তা নিয়েও তদন্ত হবে। যারা এসব নথিপত্র তৈরি করেছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পুরো গুজরাট জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, মন্ত্রিসভা কমিটির নিরাপত্তা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে অবস্থানকারী পাকিস্তানি নাগরিকদেরও গুজরাট ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংঘভি বলেন, অন্য দেশের নাগরিকরা যাতে বেআইনিভাবে গুজরাটে বসবাস করতে না পারে, তা নিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব।

তিনি আরও জানান, আটক বাংলাদেশিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করে পশ্চিমবঙ্গ সরকারকেও জানানো হবে যে কীভাবে ওই রাজ্যে তাদের জাল নথিপত্র তৈরি হয়েছিল।

আহমেদাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গুজরাটের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) বিকাশ সহায় জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নথি ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তাঁদের জাতীয়তা নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, তাদের বাংলাদেশি নাগরিক হওয়া বিষয়টি পুলিশ নিশ্চিত হলে, কেন্দ্রীয় সরকার ও সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) সহযোগিতায় তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ডিজিপি সহায় আরও জানান, শনিবার ভোর রাত ৩টা নাগাদ আহমেদাবাদ ও সুরাতে একযোগে এই অভিযান চালানো হয়।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন