Logo

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে চতুর্থ রাতেও গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১৩

অ
ভারত-পাকিস্তান সীমান্তে চতুর্থ রাতেও গোলাগুলি

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর টানা চতুর্থ রাতেও গোলাগুলি ঘটনা ঘটেছে। সোমবার সকালে এমনটাই জানিয়েছে ভারতীয় সরকারি সূত্র।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত থেকে সোমবার (২৮ এপ্রিল) ভোর পর্যন্ত কুপওয়াড়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তান সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উসকানিতে গুলি চালায়।’ 

ভারতীয় সেনাবাহিনী দ্রুত ও কার্যকরভাবে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বলে জানানো হয়। এই প্রথমবার পুঞ্চ সেক্টরে পাকিস্তান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করল বলে দাবি করে ভারত।

গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়।

এই হামলার পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত একটি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে ভারত। এরপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে নামে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।

ভারত ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে — যার মধ্যে রয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের দূতবাস বহিষ্কার, ৬০ বছরের পুরনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করা ও আটারি-ওয়াঘা সীমান্ত সংযোগ বন্ধ করে দেওয়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে হওয়া ক্যাবিনেট কমিটির নিরাপত্তা বৈঠকে এই সব সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে মোদি ঘোষণা করেন, ভারত প্রত্যেক সন্ত্রাসী ও তাদের ‘পৃষ্ঠপোষকদের’ চিহ্নিত করবে, খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেবে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সঙ্গে শিমলা চুক্তিসহ বেশকিছু দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের ঘোষণা করেছে।

এদিকে পুলিশ পাহালগাম হামলায় জড়িত সন্দেহে তিন সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে।

পুলিশ এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানায়, সন্দেহভাজন তিনজন হলেন — পাকিস্তানের বাসিন্দা হাশিম মুসা ওরফে সুলেমান ও আলি ভাই ওরফে তালহা ভাই এবং কাশ্মীরের অনন্তনাগ জেলার বাসিন্দা আদিল হুসেন ঠোকার।

তাদের ধরিয়ে দিতে সহায়ক কোনো তথ্য দিতে পারলে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন