Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের অভিবাসী কেন্দ্রে মার্কিন হামলা, নিহত ৬৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৩:৫১

অ
ইয়েমেনের অভিবাসী কেন্দ্রে মার্কিন হামলা, নিহত ৬৮

উত্তর-পশ্চিম ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সা’দা প্রদেশে আফ্রিকান অভিবাসী কেন্দ্রের  ওপর মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। হুথি নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল মাসিরাহ এ তথ্য জানিয়েছে।

সোমবার আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় আরও ৪৭ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। চ্যানেলটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহের করুণ দৃশ্যসহ গ্রাফিক ফুটেজও প্রকাশ করেছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য আসেনি।

তবে এই হামলার কয়েক ঘণ্টা আগে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ মার্চ হুথিদের বিরুদ্ধে বিমান অভিযান জোরদার করার নির্দেশের পর থেকে তাদের বাহিনী ৮০০-র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

সেন্টকম জানায়, এসব হামলায় ‘শত শত হুথি যোদ্ধা এবং বেশ কয়েকজন হুথি নেতা’ নিহত হয়েছেন, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তারাও ছিলেন।

হুথি-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ দাবি করেছে, এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যদিও তারা গোষ্ঠীর সদস্যদের মধ্যে নিহতের সংখ্যা খুব বেশি প্রকাশ করেনি।

চলতি মাসের শুরুতেই হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, লোহিত সাগরের উপকূলবর্তী রাস ইসা তেল টার্মিনালে মার্কিন বিমান হামলায় অন্তত ৭৪ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে।

সেন্টকম বলেছে, ওই হামলায় রাস ইসা টার্মিনালের জ্বালানি গ্রহণের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। এর ফলে ‘হুথিদের সামরিক অভিযান পরিচালনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অর্থ জোগাড় করতেও বড় ধাক্কা লাগবে।’

গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বড় আকারের হামলার নির্দেশ দেন। হুথিদের ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করে ফেলার হুমকি দেন। তিনি ইরানকে সতর্ক করে দেন, যাতে তারা হুথিদের অস্ত্র সরবরাহ না করে। যদিও ইরান এ অভিযোগ বারবার অস্বীকার করেছে।

রোববার সেন্টকম জানিয়েছে, তারা চাপ বাড়াতে থাকবে যতক্ষণ না তাদের উদ্দেশ্য অর্জিত হয়। 

২০২৩ সালের নভেম্বর থেকে, হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ডজনের বেশি বাণিজ্যিক জাহাজকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে আক্রমণ করেছে। তারা দুটি জাহাজ ডুবিয়েছে, একটি দখল করেছে ও চার নাবিককে হত্যা করেছে।

হুথিরা বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসনের কারণে এসব হামলা চালানো হচ্ছে। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ট্রাম্প হুথিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেন। বাইডেন প্রশাসন মানবিক সংকটের কথা মাথায় রেখে এ তালিকা থেকে তাদের নাম বাদ দিয়েছিল।

গত এক দশকে, ইয়েমেন এক ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধ আরও ভয়াবহ হয়ে ওঠে যখন হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ক্ষমতা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করে।

সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। প্রায় ৪৮ লাখ মানুষ গৃহহীন হয়ে গেছে। আর মোট জনসংখ্যার অর্ধেক প্রায় ১ কোটি ৯৫ লাখ মানুষ কোনো না কোনোভাবে সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন