লেবাননে যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫
ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও লেবাননজুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (২ ডিসেম্বর) এ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরেও ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ হামলা চালিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হয়েছে। অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে।
এছাড়া, গত সপ্তাহে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হারিস গ্রামে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে এবং তাল্লোসা গ্রামে আরেকটি বিমান হামলায় চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
হিজবুল্লাহ লেবাননের শেবা ফার্মস নামে পরিচিত একটি বিতর্কিত ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চল মাউন্ট ডোভের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননজুড়ে হিজবুল্লাহর যোদ্ধা, অবকাঠামো এবং রকেট লঞ্চার লক্ষ্য করে সোমবার গভীর রাতে একের পর এক বিমান হামলা চালায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, এটি ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরে প্রতিরক্ষামূলক এবং সতর্কতামূলক প্রতিক্রিয়া হিসাবে গুলি চালিয়েছে তারা। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত মধ্যস্থতাকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আসা অভিযোগ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুসারে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আগে, ইসরায়েল দক্ষিণ লেবাননে কমপক্ষে চারটি বিমান হামলা, একটি ড্রোন হামলা এবং একটি আর্টিলারি ব্যারেজ হামলা করে। যাতে একজন নিহত হন। এছাড়া আরেকটি হামলায় লেবাননের নিরাপত্তা সেবার একজন কর্পোরাল নিহত হন।
ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশোধ নেওয়ার অধিকার তাদের রয়েছে।
এদিকে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ৫০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন।
গাজায় বিধ্বংসী ইসরায়েল-হামাস যুদ্ধের ফলে এক বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের সূত্রপাত। প্রায় ১৪ মাস পর দুইপক্ষ যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়। কিন্তু নতুন করে ইসরায়েলের হামলায় এই যুদ্ধবিরতি ভাঙার দিকেই অগ্রসর হচ্ছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, ‘জানুয়ারিতে তিনি দায়িত্ব নেওয়ার আগে যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে।’
এসবি

