Logo

আন্তর্জাতিক

ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব : পাক সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৪:৪০

অ
ভারত সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব : পাক সেনাপ্রধান

ভারতের সামরিক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির।

বৃহস্পতিবার (০১ মে) সেনাদের মহড়া পরিদর্শনকালে এ হুঁশিয়ারি দেন তিনি।

একটি ট্যাংকের ওপর দাঁড়িয়ে পাক সেনাপ্রধান বলেন, কোনো অস্পষ্টতা নেই। ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দৃঢ়, দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের প্রস্তুতি এবং সংকল্প অত্যন্ত দৃঢ়।

সংবাদমাধ্যম ‘দ্য ডন’ দেশটির আন্তঃবাহিনীর পরিদপ্তরের (আইএসপিআর) উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর মংলা স্ট্রাইক কর্পস পাঞ্জাবের ঝিলামে ‘হ্যামার স্ট্রাইক মহড়া’ চালিয়েছে। সেখানে গিয়েছিলেন সেনাপ্রধান মুনির। এ সময় পাকিস্তানের অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প ব্যক্ত করার পাশাপাশি সেনাদের মনোবল ও প্রস্তুতির প্রশংসা করেছেন।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান আগে থেকে যুদ্ধে জড়াবে না। কিন্তু ভারত যদি করে তাহলে তাদের কঠোর জবাব দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করেছি, পাকিস্তান প্রথমে কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির ব্যবস্থা নেবে না, যুদ্ধ শুরু করবে না। কিন্তু যদি ভারতীয় পক্ষ থেকে এমন কিছু হয়। আমরা অত্যন্ত সর্বশক্তি নিয়ে জবাব দেব।

গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলা হয়। এর সঙ্গে পাকিস্তান পরোক্ষভাবে জড়িত আছেন এমন অভিযোগ তুলেছে নয়াদিল্লি। এরপর পাকিস্তানের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়।

ভারত এ নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেহেলগাম নিয়ে ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ যে পরিবেশ তৈরি করেছে সেটির জন্য এ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন