Logo

আন্তর্জাতিক

গোয়েন্দা সংস্থার ১২০০ কর্মী কমানোর পরিকল্পনা ট্রাম্পের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৩১

অ
গোয়েন্দা সংস্থার ১২০০ কর্মী কমানোর পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর ১ হাজার ২০০ কর্মী কমানোর পরিকল্পনা করেছে। এই পদক্ষেপটি ট্রাম্প সরকারের বড় সরকারি সংস্থাগুলো ছোট করার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হচ্ছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ থেকে একহাজার ২শ কর্মী কমানোর পরিকল্পনা করা হয়েছে, তবে আরও কয়েক হাজার পদ কমানোর কথা ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের অন্যান্য অংশে। এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে এবং সরাসরি কর্মী ছাঁটাইয়ের পরিবর্তে নতুন নিয়োগ কমিয়ে পদগুলো খালি করা হবে।

সিআইএ’র এক মুখপাত্র জানিয়েছেন, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনীকে আরও কার্যকরভাবে প্রস্তুত করার লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। তিনি বলেন, এই পদক্ষেপগুলো সিআইএকে আরও শক্তিশালী করার, নতুন নেতৃত্বের জন্য সুযোগ তৈরি করার এবং সংস্থাটিকে আরও কার্যকরভাবে কাজ করার কৌশলের অংশ।

ট্রাম্পের নিয়োগ করা জন র‍্যাটক্লিফ জানুয়ারিতে সিআইএ’র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি বলেন, আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে, যতই অন্ধকার বা কঠিন হোক না কেন, গোয়েন্দা তথ্য সংগ্রহ করব। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্টের নির্দেশনায় গোপন অভিযান পরিচালনা করব, যেখানে অন্য কেউ যেতে পারবে না এবং যা অন্য কেউ করতে পারবে না।

এছাড়া, সিআইএ গত মার্চে ঘোষণা করেছিল যে, ট্রাম্পের সরকারি সংস্থা ছোট করার নীতির অংশ হিসেবে কিছু জুনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করবে। এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপের অধীনে আচরণগত সমস্যাযুক্ত বা গোয়েন্দা কাজের জন্য অনুপযুক্ত কর্মকর্তাদের ছাঁটাই করা হবে। এছাড়া, ফেব্রুয়ারিতে সিআইএ কিছু কর্মচারীকে স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাবও দিয়েছিল, তবে কতজন এটি গ্রহণ করেছেন তা এখনো জানা যায়নি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন