Logo

আন্তর্জাতিক

পোপের আদলে ট্রাম্পের ছবি ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:২৮

অ
পোপের আদলে ট্রাম্পের ছবি ভাইরাল

পোপের আদলে এআই দিয়ে তৈরি একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প /ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোপের আদলে এআই দিয়ে তৈরি একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এ ঘটনায় ক্যাথলিকের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়। এমন সময়ে এই পোস্ট আসে, যখন ক্যাথলিক সম্প্রদায় ২১ এপ্রিল প্রয়াত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকাহত ও নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্প ধর্ম নিয়ে উপহাস করছে বলে অভিযোগ করে নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স। এই পোস্টের কয়েক দিন আগেই ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে মজা করে বলেছিলেন, ‘আমি পোপ হতে চাই।’

এটা প্রথমবার নয় যে কোনো মার্কিন প্রেসিডেন্ট ক্যাথলিক বিশ্বাস নিয়ে বিতর্কে জড়ালেন। এক বছর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডায় গর্ভপাতের পক্ষে এক সমাবেশে ক্রুশ চিহ্ন একে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ট্রাম্পের পোস্ট নিয়ে প্রশ্ন এড়িয়ে যান। আগামী বুধবার থেকে পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের গোপন বৈঠক (কনক্লেভ) শুরু হতে যাচ্ছে।

শুক্রবার রাতে ট্রাম্প যে ছবি পোস্ট করেন, তাতে দেখা যায়, তিনি একজন বিশপের মতো সাদা পোশাক ও পায়াস পরেছেন। গলায় বিশাল এক ক্রুশ ঝুলছে ও তিনি এক হাত উঁচু করে গম্ভীর মুখে তাকিয়ে আছেন।

নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স, যারা নিউইয়র্কের বিশপদের প্রতিনিধিত্ব করে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টটি তীব্র সমালোচনা করে লিখেছে, ‘এই ছবিতে কিছুই বুদ্ধিদীপ্ত বা মজার নয়, মিস্টার প্রেসিডেন্ট। আমরা আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করেছি মাত্র, আর কার্ডিনালরা এখন সেন্ট পিটার-এর উত্তরসূরি নির্বাচনের জন্য গোপন বৈঠকে প্রবেশ করতে যাচ্ছেন। দয়া করে আমাদের বিশ্বাস নিয়ে উপহাস করবেন না।’

ইতালির বামপন্থী সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজিও ট্রাম্পের পোস্ট নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

তিনি এক্স-এ ইতালীয় ভাষায় লেখেন, ‘এই ছবি বিশ্বাসীদের অবমাননা করে, ধর্মীয় প্রতিষ্ঠানকে অপমান করে এবং দেখায় যে ডানপন্থী বিশ্বের নেতা এসব নিয়ে হাস্যকর আচরণ উপভোগ করেন।‘

তবে হোয়াইট হাউস ট্রাম্প পোপকে নিয়ে হাস্যরস করছেন—এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসকে সম্মান জানাতে ইতালি গিয়েছিলেন এবং তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন। তিনি সব সময় ক্যাথলিকদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে ছিলেন।’

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন