Logo

আন্তর্জাতিক

পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা শ্রীলঙ্কায় পালিয়েছে?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১০:৫০

অ
পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা শ্রীলঙ্কায় পালিয়েছে?

ছবি : সংগৃহীত

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ছয় সন্ত্রাস শ্রীলঙ্কায় পালিয়ে গেছে—এমন তথ্যের ভিত্তিতে কলম্বো বিমানবন্দরে অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভারতীয় গোয়েন্দাদের পাঠানো বিশেষ সতর্কবার্তার ভিত্তিতে শনিবার (৩ মে) দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে আসা ইউএল-১২২ ফ্লাইটে তল্লাশি চালায় শ্রীলঙ্কার পুলিশ ও বায়ুসেনা। বিমানটি অবতরণ করে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে।

শ্রীলঙ্কান বিমান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে আমাদের জানানো হয়, উক্ত ফ্লাইটে পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসরা থাকতে পারে। এ তথ্য পাওয়ার পরপরই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং বিমানটি ঘিরে তল্লাশি চালানো হয়।

তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। বিমানটিতে তল্লাশির সময় সন্দেহভাজন কোনো ব্যক্তি শনাক্ত হয়নি বলেও জানায় কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কা পুলিশের এক মুখপাত্র বলেন, ভারতের গোয়েন্দারা আমাদের সতর্ক করেছিলেন যে, চেন্নাই থেকে আসা ফ্লাইটে ছয়জন সন্ত্রাস থাকতে পারে। আমরা সেই সূত্র ধরে তল্লাশি অভিযান চালাই।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র বলছে, সেনাবাহিনীর পোশাকে সজ্জিত একদল সন্ত্রাস পর্যটকদের ওপর অতর্কিত গুলি চালায়।

হামলায় প্রায় ৪০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ২৬ জন নিহত হন। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা ঘটনার পর সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

প্রথমদিকে হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে কাশ্মীরভিত্তিক জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। সংগঠনটি লস্কর-ই-তইবার ছায়া সংগঠন বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন