ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, নিরাপত্তা পরিষদে বৈঠক আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৯:৪৬
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সোমবার (০৫ মে) রুদ্ধদ্বার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ বৈঠকে আলোচনার মূল বিষয় হবে ২২ এপ্রিল পেহেলগামে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত।
পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ এ জরুরি বৈঠকের আয়োজন করছে। ইসলামাবাদ জানিয়েছে, বৈঠকে তারা আঞ্চলিক উত্তেজনার বাস্তবচিত্র এবং ভারতের ‘একতরফা সিদ্ধান্ত’ নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করার একটি উদ্যোগ।
এমবি

