এবার বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব ভারতের লোকসভায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯:১১
ছবি : সংগৃহীত
ভারতের বিধানসভার পর এবার লোকসভাতেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানাতে বললেন মমতার দলের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভারতের সংসদ অধিবেশনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এদিন বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিই তুলে ধরেন তৃণমূলনেতা সুদীপ। তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, খুন করা হচ্ছে। বাংলাদেশে আমাদের প্রতিবেশী, আমাদেরই রাজ্যের লাগোয়া। আমাদের আবেদন, বাংলাদেশে অবিলম্বে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য ভারত সরকার জাতিসংঘকে আবেদন করুক। ভারত সরকার একেবারে নিশ্চুপ, তার কারণ সরকারই ভালো জানে। আমাদের মু্খ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, এ ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তই মেনে নেব আমরা, একসঙ্গে কাজ করব।’
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারকে দায়ী করেছেন রানাঘাটের বিজেপি সংসদ সদস্য জগন্নাথ সরকার।
ডিআর/এটিআর

