গ্রীষ্মের ছুটিতে ২১ দেশে না যাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১০:২০
গ্রীষ্মের ছুটিতে অনেকেই বিদেশ সফরের পরিকল্পনা করছেন। তবে সেই পরিকল্পনা করার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভ্রমণ সতর্কতার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্র সম্প্রতি উত্তর কোরিয়া ও পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এ দুটি দেশসহ বর্তমানে মোট ২১টি দেশকে ‘স্তর ৪.: ভ্রমণ করবেন না’ তালিকায় রাখা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, উত্তর কোরিয়ায় ভ্রমণ করলে গ্রেপ্তার, দীর্ঘমেয়াদি আটক ও অন্যায়ভাবে আটকের ঝুঁকি রয়েছে। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক না থাকায় জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সুযোগও নেই।
অপরদিকে বুরকিনা ফাসোতে সন্ত্রাসবাদ, অপরাধ ও অপহরণের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়। পররাষ্ট্র দফতর বলছে, সন্ত্রাসীরা অল্প সময়ের নোটিশে যেকোনো জায়গায় হামলা চালাতে পারে। তারা মুক্তিপণের জন্য অপহরণের মতো কৌশল ব্যবহার করছে।
যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণে আরও যেসব দেশ ভ্রমণের জন্য চরম ঝুঁকিপূর্ণ সেগুলো হলো, ইরান, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইউক্রেন, হাইতি, ভেনেজুয়েলা, সোমালিয়া, রাশিয়া ও কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র।

