ভারতের হামলায় পাকিস্তানে নিহত ৩ /ছবি : সংগৃহীত
মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তিন পাকিস্তানি নাগরিক নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে এসব হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, এরই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা অভিযানে নেমেছে।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। পাহেলগামে হামলার ঘটনায় ২৬ জন নিহত হয়েছিলেন। যদিও পাকিস্তান সেই হামলা চালায়নি বলে সাফ জানিয়ে দিয়েছে। এর মধ্যেই ভারত থেকে এই হামলা চালানো হলো।
পাকিস্তানের স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৬ মিনিটে আরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ শরীফ বলেন, ‘কিছুক্ষণ আগে ভারত বাহাওয়ালপুরের আহমদ ইস্ট এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের বিমানবাহিনীর সব জেট আকাশে টহলে রয়েছে। ভারতের এই কাপুরুষোচিত ও লজ্জাজনক হামলা তাদের নিজস্ব আকাশসীমা থেকেই চালানো হয়েছে। তারা পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এর যোগ্য জবাব দেবে—সময় ও স্থান আমরা ঠিক করব। এই নিকৃষ্ট উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে।’
সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তিনি বলেন, ‘ভারত এই কাপুরুষোচিত হামলা করে সাময়িক যে আনন্দ পেয়েছে, তা অচিরেই স্থায়ী শোক ও দুঃখে রূপ নেবে।’
ভারত সরকার জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী অবকাঠামো। সরকারের ভাষ্য অনুযায়ী, সেখান থেকেই ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হচ্ছিল।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে মোট নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের পদক্ষেপগুলো ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত ও উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। টার্গেট নির্বাচনে ও হামলা পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’
গত মাসে ভারত-অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর এই অভিযানের নির্দেশ দেওয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ওএফ

