Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের হামলায় নিহত ১৫, জানাল ভারতের সেনাবাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৯:২৯

অ
পাকিস্তানের হামলায় নিহত ১৫, জানাল ভারতের সেনাবাহিনী

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের কামানের গোলা হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। এ হামলায় আরও অন্তত ৪৩ জন আহত হয়েছেন।

বুধবার (০৭ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধর অঞ্চলে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে।

এর আগে পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছেন। ভারতের বিমান হামলা ও আন্তঃসীমান্ত গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে।

পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোল শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।

তাদের হিসেব অনুযায়ী পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

ওদিকে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে জম্মু, শ্রীনগর ও লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা তাদের নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন