নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪২
ছবি : সংগৃহীত
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে।
বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
নামিবিয়ার নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা। ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের এ নেতা নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ৭২ বছর বয়সী নান্দি প্রেসিডেন্ট হিসেবে তার জয়ের মধ্য দিয়ে এসডব্লিউএপিও দলটির ক্ষমতায় থাকার মেয়াদ আরও বাড়ছে।
১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে।
নামিবিয়ার নির্বাচন কমিশনের হিসাবে নান্দি প্রেসিডেন্ট নির্বাচনে ৫৭ শতাংশের মতো ভোট পেয়েছেন। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে হবে।
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি নাদাইতওয়া বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন।
তবে আইপিসি বলেছে, নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল তাই তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাবেন।
এসবি

