Logo

আন্তর্জাতিক

বোস্টনে আদালত অবমাননার দায়ে তিন বাংলাদেশির জরিমানা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫

অ
বোস্টনে আদালত অবমাননার দায়ে তিন বাংলাদেশির জরিমানা

ছবি : (বাম থেকে) তানভির মুরাদ, পারভিন চৌধুরী ও সালাউদ্দিন খান সৈকত

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠনের নির্বাচনে আদালতের নির্দেশ অমান্য করে গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্তসহ ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বাংলাদেশিকে জরিমানা করে রায় দিয়েছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি আদালত। 

বোস্টনে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর ২০২৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম সংক্রান্ত আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার যাবতীয় খরচ বাবদ ১ লাখ সাড়ে ৩৪ হাজার ডলার আসামীদেরকে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। 

গত ২৫ নভেম্বর ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ এই রায় ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম ভোট কারচুপির বিরুদ্ধে আদেশ দিলেন ম্যাসাচুসেটসের একটি আদালত। 

জানা যায়, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর গত ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে বেইনের নির্বাচনে সভাপতি প্রার্থী মাহবুব-ই খোদা ওরফে খোকার আনীত অভিযোগের প্রমাণ পেয়ে চলতি বছরের ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বাক্সটন ২০২৩ সালের বেইন-এর নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন।

একই সঙ্গে বিবাদীপক্ষকে মামলার সকল খরচ বহন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য বেইন-এর কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ প্রদান করা হয়। আদালতের আদেশের প্রেক্ষিতে গত ৫ অক্টোবর নতুন নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। নতুন এ নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করেন তানভির-তাজ-শান্তা পরিষদ। এরপর গত ২৭ সেপ্টেম্বর খোকা-সাজু-রাজিব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার । 

মামলা চলাকালীন সময়ে বাদী ও বিবাদী পক্ষের মোট ১০ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। বাদী পক্ষের সাক্ষীরা হলেন-গোলাম আজম, আশিকুর রহমান, আব্দুল্লাহ মাহমুদ, আবুল খান, শেখ বাহাউদ্দিন, সাজ্জাদ হোসেন ও মামলার বাদী মাহবুব খোদা। অপরদিকে, বিবাদী পক্ষের সাক্ষীরা হলেন-আসামী সালাউদ্দিন খান, আসামি পারভিন চৌধুরী ও জলিল চৌধুরী। 

আদালত ও বেইন-এর বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দুইদিন ব্যাপী বোস্টনে বাংলাদেশি সংগঠন অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর দ্বিবার্ষিক নির্বাচনের ১ মাস আগে থেকেই প্রচারণা ও জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন খোকা-সাজু-রাজিব পরিষদ। তাদের এ জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদে সাথে যোগসাজশ করে পূর্ব পরিকল্পিতভাবে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট প্রদান’ প্রক্রিয়াসহ আগাম ভোটের বন্দোবস্ত করেন। এ সংবাদ পেয়ে খোকা-সাজু-রাজিব পরিষদ ডাকযোগে ভোট প্রদানের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। বিষয়টি বারবার জানানো সত্ত্বেও খোকা-সাজু-রাজিব পরিষদের কোন অভিযোগকে গুরুত্ব দেননি নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। ফলে খোকা-সাজু-রাজিব পরিষদ আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে গত ৭ নভেম্বর ম্যাসাচুসেটসের দেওয়ানী কার্যবিধি বিধির ৬৫ ধারায় লরেন্স সুপরিয়র কোর্টের বিজ্ঞ বিচারক জেনিস ডব্লিউ হাউ ‘ডাকযোগে ভোট প্রদান’ প্রক্রিয়া বন্ধের আদেশ প্রদান করেন। 

নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত অপর প্যানেল তানভির-তাজ-শান্তা পরিষদের সাথে গোপন ষড়যন্ত্র করে ভোট গ্রহণের নির্ধারিত দিনের এক সপ্তাহ আগে তানভির-তাজ-শান্তা পরিষদকে সাথে নিয়ে ওবার্ন, নিউ বেডফোর্ড ও ডরচেষ্টার শহরে গিয়ে রাতের অন্ধকারে আগাম ভোট গ্রহণ করেন। সভাপতি প্রার্থী মাহবুব-ই খোদা উক্ত ভোট বাতিলের আবেদন জানালে বিজ্ঞ আদালত গঠনতন্ত্র পরিপন্থি ‘ডাকযোগে ভোট’ গ্রহণ এবং রাতের অন্ধকারে আগাম ভোট বাতিল ঘোষণা করেন। এরপর নিজের ক্ষতিপূরণ দাবি করে গত ৩০ অক্টোবর নতুন একটি মামলা দায়ের করেন মাহবুব-ই-খোদা (খোকা)।

ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ গত ২৫ নভেম্বর তার ঘোষিত রায়ে বলেন, ‘বোস্টনে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর গত ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর দু’দিন ব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের বিরুদ্ধে বেইনের নির্বাচনে সভাপতি প্রার্থী মাহবুব-ই খোদা ওরফে খোকার আনীত অভিযোগের যেহেতু প্রমাণ পাওয়া গেছে সেহেতু মামলার বাদী মাহবুব-ই খোদার মামলা পরিচালনাকালীন সময়ে আইনজীবী এবং যাবতীয় খরচ বাবদ ১ লাখ ৩৪ হাজার ৫৬৬.৩৪ ডলার আসামি পক্ষ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন) পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদকে বহন করতে হবে।’

তিনি উল্লেখ করেন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আইনজীবীদের পারিশ্রমিক যোসেফ পি কালান্দ্রেলিকের প্রতি ঘণ্টায় ৪৫০ ডলার, স্টেফেনি আর পার্কারকে প্রতি ঘণ্টায় ৪৩৫ ডলার এবং সহযোগী আইনজীবী টিমোথি জে পেরিকে প্রতি ঘণ্টায় ৩২৫ ডলার এবং একজন প্যারালিগ্যালকে প্রতি ঘণ্টায় ১৬৫ ডলার। মোট ২৭৪.৬ ঘণ্টার মজুরি প্রদানের আদেশ দেন বিজ্ঞ বিচারক জেনিস ডাব্লিউ হাউ। 

রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় খোকা-সাজু-রাজিব পরিষদের সভাপতি প্রার্থী মাহবুব-ই-খোদা (খোকা) বলেন, ‘আমরা সবসময় সত্যের পথেই ছিলাম এবং থাকবো। তাই আমাদের বিজয় হয়েছে।’

তার পরিষদকে সমর্থন প্রদানে বোস্টন বাংলাদেশি কমিউনিটির সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন