রিয়াদে নামল ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৩:১১
ট্রাম্পকে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান /ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান সৌদি আরবে অবতরণ করেছে। এই সফরের মধ্য দিয়ে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক সফর শুরু করলেন।
সৌদি বিমান বাহিনীর এফ-১৫ জেট বিমানগুলো ট্রাম্পকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানকে এসকর্ট করে সম্মান দেখায়।
এছাড়া রিয়াদের বিমানবন্দরে বেগুনি কার্পেট বিছিয়ে তাকে সম্মাননা জানানো হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে স্বাগত জানান।
মার্কিন প্রেসিডেন্ট আজ এবং আগামীকালের কিছু অংশ সৌদি আরবের রাজধানী রিয়াদে কাটাবেন। তারপর উপসাগরীয় অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্র - কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরে যাবেন।
ট্রাম্প প্রথমবারের মতো এবারও তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছেন। ২০১৭ সালেও তার প্রথম মেয়াদের শুরুতে তিনি রিয়াদেই পা রেখেছিলেন। তখন সন্ত্রাসবিরোধী লড়াই এবং ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণের লক্ষ্যে আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে এক বিশাল সম্মেলনের আয়োজন করেছিলেন।
এবার তার সফর ভিন্ন প্রেক্ষাপটে। তিনি সাক্ষাৎ করছেন বিশ্বের ধনীতম ও উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে—সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের।
এই দেশগুলো সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নের পথ বেছে নিয়েছে। নতুন কোনো যুদ্ধ কেউই চায় না।
ধারণা করা হচ্ছে, গাজায় যুদ্ধবিরতির পথে অগ্রসর হওয়ার কথাও প্রেসিডেন্ট ট্রাম্প তার আলোচনায় তুলবেন। তবে এই স্বঘোষিত ‘বিশ্বসেরা চুক্তিবাজ’ প্রেসিডেন্টের মূল নজর থাকবে বিশাল বিনিয়োগ চুক্তির দিকে, যা আমেরিকায় কর্মসংস্থান সৃষ্টি করবে।
তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের নেতারা। তারা একসঙ্গে এক ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রকল্পে চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের এই বাদশাহরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায়—সবচেয়ে বেশি চায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা।
ওএফ

