পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৯:০২
পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির চুক্তি সই হলেও দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা কমছে না। এবার নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনেরকে কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিল ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা কূটনৈতিক নিয়মনীতি লঙ্ঘন করে তার সরকারি দায়িত্বের বাইরে কিছু কার্যকলাপে যুক্ত ছিলেন। তাই তাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘোষণা করা হয়েছে।
এদিকে, ভারতের এমন পদক্ষেপের কয়েক ঘণ্টা পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তাকে দেশটিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। ভারতীয় ওই কর্মকর্তার বিরুদ্ধেও ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগ এনেছে পাকিস্তান।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতীয় হাইকমিশনের ওই কর্মকর্তা তাঁর বিশেষ মর্যাদার সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ কার্যকলাপে জড়িত ছিলেন। তাই ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, ২৪ ঘণ্টার মধ্যে ভারত–পাকিস্তানের হাইকমিশনের কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার দুই দেশের কূটনৈতিক টানাপড়েনে নতুন মাত্রা যোগ করল।
এর আগে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা কূটনৈতিক ‘স্ট্রাইক’ চালায় ভারত। সেই সময় বেশ কয়েকজন পাক কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিতর্কিত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। এতে বেশ কয়েকজন পাকিস্তানি নিহত হন।
সেই ঘটনার জেরে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। অবশেষে গত শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সূত্র : পিটিআই
- এটিআর

