Logo

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৩:২১

অ
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : বাংলাদেশের খবর

সিরিয়ার উপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতার পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বিনিময়ে সৌদি আরব যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ১০০ বিলিয়নেরও বেশি মূল্যের অস্ত্র কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্প জানান, দেশটির নতুন সরকারকে দেশ পুনর্গঠনে সাহায্য করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ শিবানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে নতুন সূচনা হিসেবে বর্ণনা করেন।

তবে এই সিদ্ধান্তে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি রয়েছে শঙ্কাও। কারণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাধারণ জনগণের উপরই বেশি প্রভাব ফেলে। এই ধরনের নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনীতিকে ধ্বংস করেছে, চিকিৎসা ও অবকাঠামো ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে সিরিয়ার এক-তৃতীয়াংশ বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত, আরেক তৃতীয়াংশ জরুরি মেরামতের অপেক্ষায়।  

বাশার আল-আসাদের সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, লেবাননে হস্তক্ষেপ ও সন্ত্রাসে সমর্থন দেওয়ার অভিযোগে মার্কিন কংগ্রেস ২০০৩ সালে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেয়। এরপরে কয়েক দফায় নিষেধাজ্ঞা বাড়ানো হলেও তা আসাদ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হয়। ২০২৩-২৪ সালে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার ফলে সিরিয়ায় রুশ প্রভাব হ্রাস পায়। আসাদের সরকার অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়লে ইউরোপের কিছু দেশ শর্তসাপেক্ষে  নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবতে শুরু করে।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি এতদিন স্পষ্টই দ্বিধান্বিত ছিল। কিন্তু এরই মাঝে মধ্যপ্রাচ্যে সফরে ট্রাম্প নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। এর ফলে  সিরিয়া পুনর্গঠিত হবে এবং দেশটিতে স্থিতিশীলতা আসবে এমনটাই আশা করছেন ট্রাম্প।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন