দ. কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। একই সঙ্গে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ং-হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদসংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, চোই বিয়ং-হিউক একজন সাবেক সেনা জেনারেল। তাকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
সংবাদমাধ্যম ইয়োনহাপের তথ্যমতে, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারি করার প্রস্তাব দিয়েছিলেন কিম। তবে দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে প্রস্তাব পাস হলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন প্রেসিডেন্ট।
বুধবার (৪ ডিসেম্বর) ভোরে সামরিক আইন প্রত্যাহারের পর চোইকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা ইউনের প্রথম সরকারি পদক্ষেপ। প্রত্যাহারের ফলে অল্প সময়ের জন্য সিউলের জাতীয় সংসদ ভবনে প্রবেশ করা শত শত দক্ষিণ কোরিয়ার সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়।
সামরিক আইন আরোপের চেষ্টার কারণে জনরোষ এবং বিরোধী দলগুলোর নিন্দার মুখে দক্ষিণ কোরিয়ার সংসদে বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তোলা হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ইউনের সামরিক আইন প্রচেষ্টাকে রাষ্ট্রদ্রোহী কর্ম বলে আখ্যায়িত করেছে। তাদের আইনপ্রণেতারা শুক্রবারের মধ্যে অভিশংসনের ভোট আয়োজন করবে বলে জানিয়েছে দলটি।
তবে ইউনের নিজ দল প্রেসিডেন্টকে অপসারণের প্রচেষ্টার বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে অভিশংসন প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। বিরোধীদের সংসদে অভিশংসন বিল পাস করার মতো পর্যাপ্ত ভোট নেই। এদিকে তাদের উদ্যোগ সফল করতে শাসক দলের আটজন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।
এসবি

