Logo

আন্তর্জাতিক

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান : শেহবাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৯:৫৩

অ
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান : শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ | ছবি : সংগৃহীত

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে সংঘর্ষের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ-২০০০ ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজেই এই দাবি নিশ্চিত করেছেন। এর আগে পাকিস্তান জানায়, ভারতের ৫টি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এবার মিরাজ-২০০০ ভূপাতিতের তথ্য জানানোয় ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।

শেহবাজ বলেন, ৬-৭ মে রাতে কাশ্মিরের পামপুর এলাকায় মিরাজ-২০০০ যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী।

তিনি বলেন, এই ঘটনা আমাদের বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং মাতৃভূমি রক্ষায় সশস্ত্র বাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ।

বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেহবাজ। এ সময় তিনি পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করে তাদের পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার প্রশংসা করেন।

তিনি বলেন, ভারতের আগ্রাসনের পর পাকিস্তান সংযম দেখিয়েছে। কৌশলগতভাবে দূরদর্শিতা ও কার্যকর প্রতিরোধ গড়ে তুলে শত্রুর সামরিক অবকাঠামোয় বড় ধাক্কা দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান কখনো পিছপা হবে না।

শেহবাজ আরও বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা যেভাবে সচেতনতা ও সাহসিকতা দেখিয়েছে, তাতে পুরো জাতি গর্বিত। সেনাপ্রধানের যোগ্য নেতৃত্বে তারা আবারও প্রমাণ করেছে— পাকিস্তানের নিরাপত্তা দুর্ভেদ্য।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার ও জাতি একসঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমাদের বাহিনী সর্বদা প্রস্তুত। কোনো ধরনের আগ্রাসন হলে তার উপযুক্ত, সময়োপযোগী ও কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, নতুন করে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন