Logo

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৭:৫১

অ
গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১১৫ ফিলিস্তিনি

গাজায় আবারও ভয়াবহ আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। ‘গিডিয়নের রথ’ নামে নতুন ‘সামরিক অভিযানের’ শুরুতেই গত ২৪ ঘণ্টায় নির্বিচার বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘গিডিয়নের রথ’ নামে এই অভিযানের আওতায় গাজা উপত্যকার নির্দিষ্ট কিছু এলাকা দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবেই চলছে ব্যাপক হামলা।

ইতোমধ্যে উত্তর গাজার বহু বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফলে আবারও উদ্বাস্তু হয়ে পড়ছেন হাজারো ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের ধারাবাহিকতায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৩ হাজার ১১৯ জন, আহত ১ লাখ ১৯ হাজার ৯১৯ জন।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষকে মৃত ধরেই এই হিসাব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালালে শুরু হয় এই যুদ্ধ। ঐ ঘটনায় ইসরায়েলের দাবি অনুযায়ী, ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই নতুন অভিযান গাজায় যুদ্ধের আরও ভয়াবহ রূপ ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থা, খাবার ও পানির সংকট এবং চিকিৎসার অভাবে মৃত্যু এখন গাজায় নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে।

এদিকে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা এখনও ফলপ্রসূ হয়নি।

সূত্র : আল জাজিরা

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন