গাজার ‘নিরাপদ অঞ্চল’ আল-মাওয়াসিতে ইসরায়েলের হামলা, নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:৫৪
গাজা উপত্যকার ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত আল-মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে হামলার পর ইসরায়েল বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
এদিকে, হামলার মধ্যেই কাতারের রাজধানী দোহায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা শুরু করেছে ইসরায়েল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির প্রস্তাব সামনে থাকলেও গাজায় হামলা চালিয়ে কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করছে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের ধারাবাহিকতায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৩ হাজার ২৭২ জন, আহত ১ লাখ ২০ হাজার ৬৭৩ জন।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। সংস্থাটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১ হাজার ৭০০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষকে মৃত ধরেই এই হিসাব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালালে শুরু হয় এই যুদ্ধ। ঐ ঘটনায় ইসরায়েলের দাবি অনুযায়ী, ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
- এটিআর

