গাজায় একদিনে নিহত ৮৫, লেবাননেও ভয়াবহ বোমাবর্ষণ ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৭:৪৩
গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
অপরদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিনে মৃত্যু হওয়া ২৯ জন শিশু ও বৃদ্ধের নাম ‘ক্ষুধাজনিত মৃত্যু’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এদিকে, দক্ষিণ ও পূর্ব লেবাননে বৃহস্পতিবার ইসরায়েল কয়েক দফা বিমান হামলা চালায়। এতে অন্তত একজন নিহত হন। হিজবুল্লাহর সঙ্গে নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন।
তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গভর্নমেন্ট মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজার হাজার নিখোঁজ ব্যক্তিকে ধরে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় ২০০ জনের বেশি মানুষকে। সেই ঘটনার পরই শুরু হয় ইসরায়েলের গণহত্যা-সদৃশ হামলা।
যুদ্ধের আট মাসে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুহারা হয়েছে অন্তত ১৭ লাখ মানুষ। আন্তর্জাতিক আহ্বান থাকলেও এখনো থামেনি রক্তপাত।
- এটিআর

