Logo

আন্তর্জাতিক

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে বড় ক্ষতির শঙ্কা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:৪৭

অ
হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রে বড় ক্ষতির শঙ্কা

হার্ভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে দেশটির অর্থনীতি ও উচ্চশিক্ষা ব্যবস্থা—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ট্রাম্প প্রশাসনের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) হার্ভার্ডে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দেয়। যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন, তাদেরও অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে বলে। তবে আদালত আপাতত এই সিদ্ধান্ত স্থগিত করেছে এবং চূড়ান্ত শুনানির দিন ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশই বিদেশি। এনএএফএসএ নামের একটি শিক্ষাবিষয়ক সংস্থার তথ্য বলছে, শুধু হার্ভার্ডেই এসব শিক্ষার্থীরা বছরে প্রায় ৩৮৩ মিলিয়ন ডলার খরচ করেন এবং স্থানীয়ভাবে ৪ হাজারের মতো চাকরি তৈরি বা রক্ষা করেন।

সংস্থাটির নির্বাহী পরিচালক ফান্টা অ বলেন, ‘যদি আমরা বৈশ্বিক প্রতিভা ফিরিয়ে দিই, তাহলে সেই খেসারত আমাদেরই দিতে হবে।’

বিদেশি শিক্ষার্থীরা শুধু পড়াশোনার খরচই নয়—বাসা ভাড়া, খাবার, বই, স্বাস্থ্যসেবা ও যাতায়াতে অনেক অর্থ ব্যয় করেন। ম্যাসাচুসেটস রাজ্যে তাদের মোট বার্ষিক ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার, যার ১০ শতাংশ আসে হার্ভার্ড থেকেই।

এ ছাড়া হার্ভার্ডের অনেক সাবেক বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে সফল স্টার্টআপ তৈরি করেছেন। বিশ্লেষকরা বলছেন, এদের অবদান ছাড়া যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তি ও অর্থনীতি অনেক দুর্বল হয়ে পড়বে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শরৎ সেমিস্টারের আগে এত দ্রুত দেশীয় শিক্ষার্থীদের দিয়ে বিদেশি শিক্ষার্থীদের জায়গা পূরণ করা সম্ভব নয়। ইউনিভার্সিটি অব টেনেসির অধ্যাপক রবার্ট কেলচেন বলেন, ‘হার্ভার্ড যদি চায়ও, এই মুহূর্তে তাদের জায়গায় অন্য শিক্ষার্থী নেওয়া প্রায় অসম্ভব।’

এদিকে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে প্রো-প্যালেস্টাইন বিক্ষোভে যুক্ত থাকা শিক্ষার্থীদের টার্গেট করা এবং অনেকের ভিসা বাতিল করার অভিযোগও উঠেছে। এসব নিয়েই হার্ভার্ড ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা শুধু হার্ভার্ড নয়—পুরো উচ্চশিক্ষা ব্যবস্থার জন্যই হুমকি। আর তাতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, উদ্ভাবন ও বৈশ্বিক অবস্থান।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন