ভারতে গরুর মাংস বহন সন্দেহে ৪ মুসলিমকে পেটাল উগ্র হিন্দুরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ১১:২০
ভারতের উত্তরপ্রদেশে গাড়িতে গরুর মাংস বহন করা হচ্ছে সন্দেহে ৪ জন মুসলিম যুবকের ওপর হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদী ‘গোরক্ষক’ বাহিনী। এতে আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২৪ মে) সকালে রাজ্যের আলিগড় জেলায় ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সূত্রে তাদের নাম আরবাজ, আকিল, কাদিম ও মুন্না খান বলে জানানো হয়েছে। আহত যুবকরাও সবাই ওই জেলার আটরাউলি শহরের বাসিন্দা।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নির্যাতনের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে কাস্তে, কাটারি, লাঠি, রড ও ইট ব্যবহার করতে দেখা গেছে।
হামলায় আহতদের একজন আকিলের বাবা সালিম খান স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভিডিও দেখলেই বুঝবেন কীভাবে ওদের মারা হয়েছে। আমার সেটা বর্ণনা করার ভাষা নেই! আমার ছেলে এখন আলিগড় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।’
এদিকে এ হামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে আলিগড় পুলিশের পক্ষ থেকেও। তবে তারা এখনও কাউকে গ্রেপ্তার করেনি তবে গাড়িতে যে মাংস ছিল তার নমুনা সংগ্রহ করে সেটি কীসের মাংস, তা পরীক্ষা-করা সহ সব অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, ভারতে কয়েক বছর আগে বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে এই ‘গোরক্ষক’ বাহিনীগুলোর হামলা প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। গরুর মাংস বহনের অভিযোগে বহু মুসলিম পশু খামারি ও ব্যবসায়ী খুন হয়েছেন তাদের হাতে।
এই বাহিনীগুলোতে মূলত বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদের মতো বিভিন্ন হিন্দুত্ববাদী শক্তির সদস্যরাই থাকতেন। পুলিশ ও প্রশাসন এই মিলিশিয়াদের ঢালাও মদত দিত বলেও বহু ক্ষেত্রেই অভিযোগ উঠেছে।
এএ

