মার্কিন নির্বাচনে থাকছে বাংলায় ভোট দেওয়ার সুবিধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১৩:২২
কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত
মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প নাকি কমলা হ্যারিস- কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট? এই প্রশ্নের উত্তর জানতে আরো কিছু সময় লাগবে। তবে এরই মধ্যে জানা গেছে, দেশটির নির্বাচনে বাংলায় ভোট দেওয়ারও সুবিধা থাকছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে বিশ্বের হাইভোল্টেজ এই ভোট অনুষ্ঠান। এতে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার ব্যালট পেপারে আছে বাংলা ভাষাও। ২০১৩ সালে প্রথমবার মার্কিন নির্বাচনে বাংলা ভাষায় ব্যালট ছাপা শুরু হয়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট ৬০টি নির্বাচনী কেন্দ্রের ব্যালটে বাংলা ভাষা ছাপা হয়। এই কেন্দ্রগুলোর অধিকাংশই নিউইয়র্কে। দেশটিতে বসবাস করেন লক্ষাধিক বাঙালি। তাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাদের অধিকাংশই নিউইয়র্কের বাসিন্দা। পাশাপাশি ব্রুকলিন, কুইন্স এবং ব্রঙ্কস- এই তিন এলাকায়ও তাদের বসবাস রয়েছে।
১১ বছর আগে বাঙালি অধ্যুষিত কুইন্স এলাকা থেকেই যাত্রা শুরু হয় বাংলা ভাষায় ব্যালট পেপারের। দক্ষিণ এশীয় ভোটারদের জন্য কেন মাতৃভাষায় ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে না, এই প্রশ্নের মুখে পড়ে কুইন্সের নির্বাচনী বোর্ড। পরে ব্যালট পেপারে বাংলা ভাষা রাখা হয়। সেই ধারাবাহিকতা থাকছে আসন্ন নির্বাচনেও।
বিএইচ/

