যুক্তরাজ্যে সাক্ষাৎ করতে চেয়ে ড. ইউনূসকে চিঠি দিয়েছেন টিউলিপ
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৫:২৫
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন।
এক চিঠিতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ মীমাংসার কথা বলেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভাগ্নি। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকারের নগর উন্নয়ন ও ট্রেজারি বিষয়ক মন্ত্রী হন। ওই বছর ৫ আগস্ট শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দুর্নীতির অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক।
প্রাথমিক অনুসন্ধানে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাত এবং লন্ডনের কিংস ক্রসে উপহার হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে।
ফ্ল্যাটটি সম্পদ বিবরণীতে থাকলেও তিনি দাবি করেন, সেটি পিতামাতার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। যুক্তরাজ্যের দুর্নীতি দমন সংস্থা বিষয়টি স্বীকার করলেও, সমালোচনার মুখে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। বর্তমানে তিনি কেবল এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিতে টিউলিপ লেখেন, ‘আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। বাংলাদেশে আমার কোনো সম্পত্তি নেই এবং সেখানকার সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্কও নেই।’
তিনি অভিযোগ করেন, দুদক তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করে একতরফাভাবে তদন্তের তথ্য গণমাধ্যমে প্রকাশ করছে এবং যে ঠিকানায় তলবি চিঠি পাঠানো হচ্ছে সেটিও সঠিক নয়।
টিউলিপ লিখেছেন, ‘আপনি যুক্তরাজ্য সফরে আসছেন। আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার সঙ্গে আমার আত্মীয় শেখ হাসিনার সম্পর্ক নিয়ে যে ভুল ধারণা ছড়ানো হচ্ছে, তা দূর করতে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, রাজার আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। এ সফরে তার রাজা চার্লস ও প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এআরএস

