Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নজর বিশ্ববাসীর, ভোট আজ

Icon

বাসস

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০২:২৫

অ
যুক্তরাষ্ট্রে নজর বিশ্ববাসীর, ভোট আজ

আজ ৫ নভেম্বর (মঙ্গলবার)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আগামী চার বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিসহ বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে এ নিয়ে বিশ্ববাসীর নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিকের কমলা হ্যারিসের মধ্যে কে যাচ্ছেন হোয়াইট হাউসে তা জানা যাবে আজ। এ নির্বাচনে কমলা বিজয়ী হলে তিনি হবেন দেশটির ২৫০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। ট্রাম্প বিজয়ী হলেও সৃষ্টি হবে নতুন ইতিহাস।

কয়েক দশকের মধ্যে এবার সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে। প্রধান দুই প্রার্থীই সমানে সমান। নির্বাচনপূর্ব বিভিন্ন জরিপে কমলা জাতীয়ভাবে ১ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলেও তা জয়ের জন্য যথেষ্ট নয়। 

এর মধ্যে, রোববার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণার সময় গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন কমলা হ্যারিস। আরব আমেরিকানদের ভোটারদের সমর্থন পেতেই এ ধরণের প্রতিশ্রুতি দেন তিনি।

কমলা বলেন, গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে এ বছরটি কঠিন ছিল। ক্ষমতায় এলে গাজায় যুদ্ধ বন্ধে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরাইলের নিরাপত্তার কথাও উঠে আসে কমলার বক্তব্যে।

একই দিন পেনসিলভানিয়া ও নর্থ ক্যারোলিনায় প্রচারণায় অংশ নেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে ট্রাম্প বলেন, ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত। রিপাবলিকান পার্টি জিতলে আগামী চার বছর স্বর্ণযুগে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন