Logo

আন্তর্জাতিক

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাব মালয়েশিয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:১৩

অ
ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের প্রস্তাব মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম/ ছবি : সংগৃহীত।

ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের খসড়া প্রস্তাব প্রস্তুত করছে মালয়েশিয়া। ফিলিস্তিনে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে এই প্রস্তাব জাতিসংঘে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ নভেম্বর) মালয়েশিয়ার সংসদে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, তার দেশ একটি খসড়া প্রস্তাবনা তৈরি করছে। ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের জন্য ওই প্রস্তাবটি উত্থাপন করা হবে।

তিনি বলেন, ‘এই খসড়া প্রস্তাবটি জাতিসংঘ সাধারণ পরিষদে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করার জন্য জাতিসংঘকে ইসরায়েলের অনুমতি নিতে হয়- এর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত থেকে গ্রহণযোগ্য মতামতের আহ্বান জানানো হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এই খসড়া প্রস্তাব নিয়ে আমরা কাজ করছি। ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তবে জাতিসংঘের সদস্য হিসেবে বহিষ্কৃত হতে পারে কি না- বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘে এই এজেন্ডার শুনানি ও গুরুত্ব পাওয়ার বিষয়টি মালয়েশিয়া নিশ্চিত করবে। পাশাপাশি ইসরায়েলি বর্বরতার এই সময়ে যেন ফিলিস্তিনি জনগণের কাছে জরুরি সাহায্য পৌঁছানোর অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হবে।’

সম্প্রতি ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চলে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য পরিচালিত জাতিসংঘের ত্রাণ ও মানব উন্নয়ন সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত খসড়া প্রস্তাবনা প্রস্তুত করছে মালয়েশিয়া।

এসবি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন