দামেস্কের কাছাকাছি পৌঁছেছে ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
ছবি : সংগৃহীত
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাফার জোন দখল করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
সোমবার (৯ ডিসেম্বর) দেশটির সামরিক স্থাপনা এবং বিমান ঘাঁটিতে রাতভর হামলা চালায় ইসরায়েল বাহিনী। এরপর তারা সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করেছে
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
সিরিয়ান একটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি সেনারা সিরিয়ায় দক্ষিণাঞ্চলীয় শহর কাতানায় পৌঁছেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েলি বাহিনী।
তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সিরিয়ার সংঘাতে নিজেকে জড়াবে না। বাফার জোন দখল করাকে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে জানিয়েছে ইসরায়েল।
সিরিয়ায় ইসরায়েলের এমন অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে মিশর, কাতার এবং সৌদি আরব। সৌদির পক্ষ থেকে বলা হচ্ছে, ইসরায়েলের এমন কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা স্থাপনের সুযোগকে ধ্বংস করছে।
এদিকে ইসরায়েল বলছে, তারা কয়েকদিন সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাবে। তবে ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জানিয়েছে, তারা সিরিয়ার সংঘাতে হস্তক্ষেপ করবে না। ইসরায়েল বলেছে, তারা নিরাপত্তা রক্ষায় সীমিত এবং সাময়িক পদক্ষেপ নিয়েছে।
এসবি

