Logo

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন

মধ্যরাতের ভোটে ট্রাম্প-কমলার ড্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:২২

অ
মধ্যরাতের ভোটে ট্রাম্প-কমলার ড্র

ডিক্সভিল নচের ভোটকেন্দ্রে ভোট গ্রহণ/ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট শহর ডিক্সভিল নচের একটি ভোটকেন্দ্রে মধ্যরাতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতের পরপরই ওই ভোটকেন্দ্রে নিবন্ধিত ছয়জন ভোটার নির্বাচনে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

ভোট গ্রহণ শেষে গণনায় দেখা যায়, ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প দুজনই তিনটি করে ভোট পেয়েছেন।

মার্কিন ঐতিহ্য মেনে ১৯৬০ সাল থেকে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচের ওই ভোট কেন্দ্রে মধ্যরাতের পর ভোটগ্রহণ শুরু হয়। এ সময় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের সাহায্যে জাতীয় সংগীতের সুর বাজানোর মধ্য দিয়ে ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ভোট গ্রহণ শুরু উপলক্ষ্যে শহরটিতে সাংবাদিকদের ভিড় জমে যায়।

পুরোনো ঐহিত্য অনুযায়ী, সোমবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রটিতে যান নিবন্ধিত ছয়জন ভোটার। পরে কিছুক্ষণের মধ্যেই সেখানে ভোট গ্রহণ ও গণনা শেষ হয়।

ডিক্সভিল নচের ভোটকেন্দ্রে ভোট গ্রহণ/ছবি : সংগৃহীত।

প্রসঙ্গত, নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইনে যেসব শহরে ১০০ জনের কম বাসিন্দা আছেন, সেখানকার ভোটকেন্দ্রগুলো মাঝরাতে খুলে দেওয়ার নিয়ম রয়েছে। একই সঙ্গে নিবন্ধিত সব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করলে ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়।

এর আগে, ২০২০ সালের নির্বাচনে ডিক্সভিল নচে শহরের বাসিন্দারা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। ১৯৬০ সালে মধ্যরাতে ভোটগ্রহণের ঐতিহ্য শুরু হওয়ার পর গত বছর দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শহরটির সব ভোট পেয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার বেশিরভাগ ভোট কেন্দ্র মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে খুলে দেওয়া হবে।

গত জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারিতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান দলীয় নিক্কি হ্যালিকে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলেন ডিক্সভিল নচে বাসিন্দারা। যদিও পরবর্তীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিক্কি হ্যালি সরে দাঁড়ালে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান।

সূত্র: এএফপি, সিএনএন। 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন