Logo

আন্তর্জাতিক

প্রায় ৬০০ ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪২

অ
প্রায় ৬০০ ব্রিটিশ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ছবি : সংগৃহীত।

পুলিশি ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা ফেরানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে রেকর্ড সংখ্যক পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে এই দুই রাজ্যে প্রায় ৬০০ পুলিশকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন থেকে পাওয়া তথ্য মতে, ব্রিটিশ পুলিশের নিয়ন্ত্রক সংস্থা পুলিশ কলেজের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ৩১ মার্চ পর্যন্ত রেকর্ড ৫৯৩ জন পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের পুনরায় কাজে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলসের ৪৩টি পুলিশ বাহিনীর এই পরিসংখ্যানে দেখা গেছে, আগের বছরের তুলনায় বরখাস্তের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। চাকরিচ্যুতদের মধ্যে ৭৪ জনকে যৌন অপরাধ ও অসদাচরণের জন্য এবং ১৮ জনকে শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের জেরে বরখাস্ত করা হয়েছে।

এর আগে, ২০২১ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশে কর্মরত কর্মকর্তা ওয়েইন কাউজেন্স ৩৩ বছর বয়সী মার্কেটিং এক্সিকিউটিভ সারা এভারার্ডকে অপহরণ ও হত্যার দায়ে অভিযুক্ত হন। এই ঘটনার পর ব্রিটিশ পুলিশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে। তারপরই পুলিশি ব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে যুক্তরাজ্যের পুলিশ প্রধানরা।

পুলিশ কলেজের পরিচালন মানদণ্ডের পরিচালক সহকারী প্রধান কনস্টেবল টম হার্ডিং বলেন, ‘বরখাস্তকৃত কর্মকর্তাদের আচরণ অত্যন্ত হতাশাজনক ছিল। তবে এই পরিসংখ্যান দেখায় যে তাদের চিহ্ন করতে এবং ভবিষ্যতে পুলিশে কাজ করার সুযোগ থেকে বিরত রাখতে আমাদের কার্যকর ও কঠোর ব্যবস্থা রয়েছে।’

এসবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন