Logo

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা জেনারেলকে আরাকান আর্মির আটকের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫

অ
মিয়ানমারে জান্তা জেনারেলকে আরাকান আর্মির আটকের দাবি

ছবি : সংগৃহীত

গত রোববার মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু উপকণ্ঠে জান্তা বাহিনীর শেষ ঘাঁটি দখলের সময় দেশটির ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকেও আটক করা হয়েছে। সেই সঙ্গে শাসক জান্তার সমর্থক শত শত ব্যক্তিকে আটক করেছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি বা এএ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী।

বুধবার (১১ ডিসেম্বর) আরাকান আর্মির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়। জেনারেলকে আটকের একটি ছবিও গণমাধ্যমে প্রকাশ করেছে সংগঠনটি। আরাকান আর্মি জানায়, গত ১৪ অক্টোবর থেকে তারা মংডু উপকণ্ঠে সামরিক বাহিনীর ইউনিট ও বর্ডার গার্ড পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে।

অত্যন্ত সুরক্ষিত ঘাঁটিটি আরাকান রোহিঙ্গা আর্মি বা এআরএ, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা এআরএসএ এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর রোহিঙ্গা সশস্ত্র সদস্যসহ ৭০০ জনেরও বেশি সরকারি পুলিশ কর্মকর্তা ও সেনা পরিচালনা করতেন। আরাকান আর্মি জানায়, তারা জান্তা বিমান হামলার মধ্যে ৫৫ দিনের লড়াই শেষে গত রোববার ঘাঁটিটির দখল নিতে সক্ষম হন। এ ছাড়া বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন সদরদপ্তরের জন্য লড়াইয়ে ৪৫০ জনের বেশি শাসক বাহিনীর সদস্য নিহত হন। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে।

জেনারেলের গ্রেপ্তার প্রসঙ্গে বিদ্রোহী সংগঠনটি জানায়, ঘাঁটির পতন হলে পালিয়ে যাওয়ার সময় সেনা ও ৮০ জন রোহিঙ্গা অস্ত্রধারীসহ জান্তার মিলিটারি অপারেশন কমান্ড-১৫-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে রাখাইনে জান্তা সমর্থিত পুলিশকে সরিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে থাকা সীমান্তের ২৭০ কিলোমিটারের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন