ভারতীয় সুপ্রিম কোর্টের রায়
মাদরাসা শিক্ষা আইন বহাল, দিতে পারবে না কামিল-ফাজিল ডিগ্রি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৮
ছবি : সংগৃহীত।
ভারতের উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট। গত মার্চ মাসে উত্তরপ্রদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন এলাহাবাদ হাইকোর্ট।
এতে চরম অনিশ্চিতায় মুখে পড়েছিলেন ১৬ হাজার মাদ্রাসা এবং এর সঙ্গে যুক্ত হাজার হাজার শিক্ষক ও শিক্ষার্থী। চরম অনিশ্চিতার মধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ভারতীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা। অবশেষে ওই আইন বহাল রেখেই রায় দিলেন ভারতের সর্বোচ্চ আদালত।
মঙ্গলবার (০৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এলাহাবাদ হাইকোর্টের রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্ট। ওই রায়ে উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইনকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল।
ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ এই রায় দেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রা রায়।
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্বীকৃত মাদ্রাসাগুলোর শিক্ষামান যাতে আধুনিক একাডেমিক প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সে বিষয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে তা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার লঙ্ঘন না করেই হওয়া উচিত। একই সঙ্গে ২০০৪ সালের এই আইনে মাদ্রাসাগুলোকে কামিল (স্নাতক) ও স্নাতকোত্তর (ফাজিল) ডিগ্রি দেয়ার ক্ষমতা দেয়া হয়নি। কারণ তা ইউজিসি আইনের নীতিমালা লঙ্ঘন করবে। এ বিষয়ে গৃহীত যেকোনো নিয়মাবলী অসাংবিধানিক বলে গণ্য হবে।
আদালত জানিয়েছেন, ‘মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংস না করে বরং সমর্থন করাই এমন নিয়ন্ত্রণমূলক আইনের লক্ষ্য হওয়া উচিত। ২০০৪ সালের এই আইনকে সংবিধানের ২১এ অনুচ্ছেদের সঙ্গে মিল রেখে ব্যাখ্যা করা উচিত। এতে শিক্ষার সাংবিধানিক অধিকার সংরক্ষণ করার কথা বলা হয়েছে।’
আদালত আরও জানান, ‘এই আইন বৈধ। মাদ্রাসাগুলোর ওপর রাজ্যের নজরদারি বজায় রাখার জন্য প্রয়োজনীয়। পাশাপাশি এটি সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এলাহাবাদ হাইকোর্ট রায় দেয়ার সময় আইনের মৌলিক কাঠামোগত ত্রুটির কথা বলেছিলেন। তা ভুল ছিল।’
এর আগে সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০৪ সালে ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড শিক্ষা আইন’ কার্যকর হয়েছিল। কিন্তু যোগী আদিত্যনাথ সরকারে আসার পরই রাজ্যের মাদ্রাসাগুলো সমীক্ষা শুরু করা হয়। পাশাপাশি রাজ্য সরকার মাদ্রাসা শিক্ষাকে ‘মূল শিক্ষাব্যবস্থা’র অন্তর্ভুক্ত করার কাজও করে। সেই আবহেই মাদরাসা শিক্ষা আইনের বৈধতা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়। পরে তা আমলে নিয়ে গত মার্চ মাসে মাদরাসা শিক্ষা আইনকে ‘অসাংবিধানিক ও ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী’ বলে বাতিল করে দেয় ভারতীয় হাইকোর্ট।
এসবি

