Logo

আন্তর্জাতিক

ইউক্রেনে আবারো ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া

Icon

ভয়েস অব আমেরিকা

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৩১

অ
ইউক্রেনে আবারো ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া

ছবি : সংগৃহীত

ইউক্রেনে আগামী কয়েক দিনের মধ্যে আরেকটি পরীক্ষামূলক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া। এক গোয়েন্দা পর্যালোচনায় এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন মনে করে না যে, এই অস্ত্র প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে।

গত ২১ নভেম্বর ইউক্রেনের দেনিপ্র শহরে প্রথমবার তাদের ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আক্রমণকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে ইউক্রেনের হামলার জবাব হিসেবে অভিহিত করে।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘আমাদের মূল্যায়ন অনুযায়ী, ওরেশনিক রণাঙ্গনে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারবে না। এটা ইউক্রেনে ত্রাস সৃষ্টি করার আরেকটি রুশ প্রচেষ্টা যেটা ব্যর্থ হবে।’

তবে রাশিয়ার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

পুতিন এর আগে বলেছিলেন, ইউক্রেন যদি পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত হানে, তাহলে রাশিয়া আবার ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার সকালে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর তাগানরোগে একটি সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ছয়টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা এই আক্রমণের জবাব দেবে। 

রাশিয়া জানায়, ছয়টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ে কয়েকজন আহত হয়েছে।

পুতিন দাবি করেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা অসম্ভব। এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডে সাধারণ বিস্ফোরক থাকলেও, তার ধ্বংসাত্মক ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সাথে তুলনা করা যায়। 

কিছু পশ্চিমা বিশেষজ্ঞ বলেছেন, ওরেশনিকের বৈশিষ্ট্য হচ্ছে সেটা একাধিক ওয়ারহেড বহন করতে পারে, যেগুলো একই সময় ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে – যেটা সাধারণত দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়ে থাকে। 

তিন সপ্তাহ আগে দেনিপ্রতে ওরেশনিকের আঘাতের দৃশ্য একটি নজরদারি ক্যামেরায় ধরা পড়লে ভিডিওতে দেখা যায়, বিশাল আগুনের কুণ্ডলী অন্ধকার ভেদ করছে এবং অসাধারণ গতিতে আঘাত হানছে।

পুতিন পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্রের পরবর্তী লক্ষ্যবস্তু ইউক্রেনের ন্যাটো মিত্র দেশগুলো হতে পারে। যারা কিয়েভকে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দিয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়ে বলেন, ‘এগুলো পরীক্ষামূলক। রাশিয়ার হাতে সম্ভবত গুটি কয়েক আছে।’

তিনি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক ক্ষমতা ইউক্রেনে রাশিয়ার ব্যবহার করা অন্য কয়েকটি ক্ষেপণাস্ত্র থেকে কম।’ 

যুক্তরাষ্ট্র বলেছে, তারা ইউক্রেনের জন্য আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে। তবে এরই মধ্যে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে ক্রমাগত অগ্রসর হচ্ছে।

এদিকে আগামী জানুয়ারি মাসের ২০ তারিখে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত রাখার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতা নেওয়ার আগেই যুদ্ধ বন্ধ করবেন, তবে কীভাবে সেটা করবেন সেটা বলেননি। ইউক্রেন এই যুদ্ধে জয়লাভ করুক, এই কথা বলতে তিনি অস্বীকার করেছেন, যার ফলে ইউক্রেনের জন্য দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য নিয়ে প্রশ্ন উঠেছে।

গত সপ্তাহের শেষে প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের দেখা হয়েছে।

জেলেনস্কি মঙ্গলবার তার নিয়মিত ভাষণে বলেছেন, ‘রুশ ক্ষেপণাস্ত্র থেকে নিজেদের রক্ষার জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের নেই। কিন্তু আমাদের মিত্রদের এই অস্ত্র আছে। আমরা বারবার বলেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুদামে না রেখে জীবন বাঁচানোর কাজে ব্যবহার করা উচিত।’

অন্যদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মঙ্গলবার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা এই শীতে শুরু হতে পারে।’

প্রসঙ্গত, আগামী ১ জানুয়ারি থেকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে পোল্যান্ড। 

এসবি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন