সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করতে পারেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০০
ছবি : সংগৃহীত
সাবেক গোয়েন্দাপ্রধান রিচার্ড গ্রেনেলকে ইরানের বিশেষ দূত করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তাদের একজন বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই দৌড়ে আছেন।’
ট্রাম্প এখনও কাকে ইরানের রাষ্ট্রদূত করবেন এবং ইরান বিষয়ে তার নীতি কী হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।
গ্রেনেলেকে বেছে নেওয়ার বিষয়ে জানতে রয়টার্স থেকে ট্রাম্পশিবির এবং গ্রেনেলের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি।
এদিকে ইরান বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী হতে চলেছে, তা নিয়ে এখনো কোনো খবরও প্রকাশ পায়নি।
তবে সেখানে বিশেষ দূত হিসেবে নিজের গুরুত্বপূর্ণ একজন মিত্রকে পাঠানোর কথা বিবেচনা করার অর্থ, ট্রাম্প হয়তো ইরান সরকারের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে আগ্রহী।
প্রসঙ্গত, ট্রাম্প এর আগে ইরানকে ধ্বংস করে ফেলার হুমকি দিয়েছিলেন।
অন্যদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ট্রাম্পকে গুপ্তহত্যা করতে চেয়েছিল বলে যুক্তরাষ্ট্র সরকার অভিযোগ তুলেছিল। যদিও ইরান ওই অভিযোগ অস্বীকার করেছে।
এসবি

