Logo

আন্তর্জাতিক

ভারতে মসজিদ-মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮

অ
ভারতে মসজিদ-মন্দির নিয়ে সমীক্ষা স্থগিত

প্রতিকী ছবি/সংগৃহীত

ভারতে ধর্মীয় উপাসনালয় বিশেষ করে মসজিদ নিয়ে চলমান সমীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভারতের সর্বোচ্চ আদালতের একটি বিশেষ বেঞ্চে ‘প্লেসেস অব ওয়ারশিপ অ্যাক্ট’ সম্পর্কিত একাধিক মামলার শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতের সর্বোচ্চ আদালত আদেশ দেন, এ নিয়ে দেশের কোথাও আপাতত কোনো মামলা দায়ের করা যাবে না। যে মামলাগুলো বিচারাধীন, সেগুলোর কার্যকরী বা চূড়ান্ত রায় দিতেও পারবেন না নিম্ন আদালত।

ভারতের সুপ্রিম কোর্ট জানান, এখন শীর্ষ আদালতে যে মামলা চলছে, যতক্ষণ না সেটার চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইনের বিরোধিতা করে দেশের কোনো প্রান্তে মামলা দায়ের করা যাবে না।

সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, কোনো মামলার ক্ষেত্রেই কোনো সমীক্ষা বা কার্যকরী নির্দেশ দিতে পারবে না দেশের কোনো ট্রায়াল কোর্ট।

পাশাপাশি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।

এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন ভারতের কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অজয় রাই বলেছেন, ‘এই নির্দেশের ফলে সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তি বাড়বে। সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিলেন, তাতে আমাদের বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাবে।’

একই কথা বলেছেন সমাজবাদী পার্টির নেতা তথা বিধান পরিষদের সদস্য রাজেন্দ্র চৌধুরীও। তিনি বলেন, ‘এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের বিচারবিভাগকে আরও মজবুত করবে। আর বিচারবিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন