জি-৭ বৈঠকে সিরীয় সরকারের ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:২৬
ছবি : সংগৃহীত
সিরীয় সরকারের চলমান গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো নিয়ে আলোচনার জন্য শুক্রবার (১৩ ডিসেম্বর) ভার্চুয়াল বৈঠক করে জি-৭ এর নেতারা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অধীনে বছরের পর বছর ধরে নির্যাতনের পর ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।
ইসলামপন্থী হায়াত তাহরীর আল-শাম (এইচটিএস) গ্রুপ এবং তাদের সহযোগীদের পরিচালিত একের পর এক আক্রমণের পর আসাদ সিরিয়া থেকে পালিয়ে যান। দেশজুড়ে এবং বিশ্বজুড়ে সিরিয়ানরা টানা ৫৩ বছরের আসাদ যুগ সহ্য করার পর অবশেষে সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘটে।
প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে ৫ লক্ষেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে লক্ষ লক্ষ বাসিন্দা। সন্দেহভাজন ভিন্নমতাবলম্বীদের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল বছরের পর বছর। এদের অনেকেই কারাগারেই মারা গেছেন।
বৃহস্পতিবার জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, ২৭ নভেম্বর বিদ্রোহীরা তাদের ঝটিকা আক্রমণ শুরু করার পর থেকে ১১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
নতুন সরকারের মুখপাত্র সংবাদমাধ্যম এএফপি’কে বলেছেন, তিন মাসের ক্রান্তিকালে দেশটির সংবিধান ও সংসদ স্থগিত করা হবে এবং পরে সংশোধনী আনা হবে।
মুখপাত্র ওবাইদা আরনাউত বলেছেন, ‘সংবিধান পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি বিচার বিভাগীয় এবং মানবাধিকার কমিটি গঠন করা হবে।’
এসবি

