সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষায় এরদোগানকে ব্লিঙ্কেনের আহ্বান
বাসস
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৩
ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তুরস্ক সমর্থিত ইসলামীপন্থী দলগুলো সিরীয় সরকারকে উৎখাতের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনি এ আহ্বান জানান।
হাঙ্গেরীর জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে বিমানবন্দরে বিদায় জানানোর পর বৃহস্পতিবার আঙ্কারা বিমানবন্দরের লাউঞ্জে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে অ্যান্টনি ব্লিঙ্কেন এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেন। সিরিয়ার বেসামরিক নাগরিক এবং সংখ্যালঘুদের রক্ষার্থে ব্লিঙ্কেন সিরিয়ার সকল পক্ষকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং নাগরিকদের রক্ষার্থে সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের কথা পুনর্ব্যক্ত করেন।
মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ‘সিরিয়ায় ইসলামিক স্টেটের পরাজয় নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সেখানে একটা কোয়ালিশন গঠনের বিষয়ে অ্যান্টনি ব্লিঙ্কেন এরদোগানকে অনুরোধ করেছেন।
তবে, সিরিয়ার এই পটপরিবর্তনে তুরস্ক তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সেখানকার কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
এরদোগানের সাথে সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন সিরিয়ার সকল সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী সরকার গঠনে একটা অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের কথা বলেছেন। তুরস্কে যাওয়ার আগে জর্ডানের আকাবা বিমানবন্দরে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘সিরিয়াতে বাড়তি সংঘাত আমরা এড়িয়ে যেতে চাই।’
এসবি

