সন্তানের কিডনি দিয়ে রোগীর জীবন বাঁচালেন চিকিৎসক মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৪:৩৬
ছবি : সংগৃহীত
ট্রাফিক দুর্ঘটনায় সন্তানকে হারিয়েও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন করাচির এক নারী চিকিৎসক। নিজের ২৩ বছর বয়সী মৃত ছেলের দুটি কিডনি দান করে দুজন রোগীকে নতুন জীবন উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডন নিউজ উর্দু।
প্রতিবেদনে বলা হয়, করাচির বিখ্যাত নেফ্রোলজিস্ট এবং সিন্ধ ইনস্টিটিউট অব ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লানটেশন (এসআইইউটি)-এর সহযোগী অধ্যাপক ডা. মেহের আফরোজ তার মৃত ছেলের দুটি কিডনি দান করে দিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি এক দুর্ঘটনায় মারা যান মেহের আফরোজের ছেলে সুলতান জাফর। সন্তানের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে মেহের সিদ্ধান্ত নেন, ছেলের দুটি কিডনি এমন দুইজনকে দান করবেন, যারা দীর্ঘদিন ধরে ডোনারের অপেক্ষায় ছিলেন।
এসআইইউটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত জাফরের দুইটি কিডনিই সফলভাবে দুইজন আলাদা রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছে। অস্ত্রোপচারে অংশ নেন হাসপাতালের অভিজ্ঞ ইউরোলজিস্ট ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞদের একটি দল।
এসআইইউটি প্রধান অধ্যাপক ডা. রিজভি বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি সাহসী ও প্রশংসনীয় সিদ্ধান্ত। সমাজের অন্যদেরও এমন মহৎ উদ্যোগের পথে এগিয়ে আসা উচিত।’
তিনি আরও জানান, অনেক রোগীই দাতার অভাবে বছরের পর বছর অপেক্ষায় থাকেন। এই এক সিদ্ধান্তে দুটি প্রাণ বেঁচে গেছে, এটাই অঙ্গ দানের প্রকৃত তাৎপর্য।
- এটিআর

