Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অস্থিরোগের ‘একমাত্র চিকিৎসক’ নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০

অ
গাজায় ইসরায়েলি হামলায় অস্থিরোগের ‘একমাত্র চিকিৎসক’ নিহত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলের অস্থিরোগের একমাত্র চিকিৎসক সাইদ জুদাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইসরায়েলের ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে সায়েদ। ফিলিস্তিনের সরকারি কর্মকর্তারা চিকিৎসক সায়েদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান ও আল-আওদা হাসপাতালে শল্যচিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি। হামলার সময় কর্মক্ষেত্রে যাচ্ছিলেন তিনি।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা এই ঘটনার বিষয়ে কিছুই জানে না। তদন্ত করে দেখা হচ্ছে। 

পেশাগত দিক থেকে চিকিৎসক সায়েদ জুদাহ অবসরে ছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর তিনি মানুষের সেবায় নতুন করে কাজে নামেন। গত মাসে কামাল আদওয়ান হাসপাতালে প্ল্যাকার্ড হাতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। তাতে লেখা ছিল, ‘আমাদের বাঁচান।’

হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া বলেন, ‘রোগী দেখে আল-আওদা হাসপাতালে যাওয়ার পথে ইসরায়েলি ট্যাংক থেকে তার (সায়েদ) দিকে সরাসরি গোলাবর্ষণ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে তিনি ঘটনাস্থলে নিহত হন।’ 

তবে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, চিকিৎসক সায়েদকে একটি ড্রোন থেকে গুলি করা হয়েছিল। 

মাস দুয়েক ধরে গাজার উত্তরাঞ্চলে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ওই অঞ্চলে বোমাবর্ষণ এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 

ইসরায়েলের দাবি, গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাই ওই অঞ্চলে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে। 

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। ওই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন