ফোর্বস বিলিওনেয়ার্স তালিকায় শীর্ষে ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৫
ছবি : সংগৃহীত
টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্কের মোট সম্পদ ৪০০ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। সম্পদের এই বর্ধিতাংশ হিসাবে বর্তমানে ফোর্বসের বিলিওনেয়ার্স তালিকায় শীর্ষস্থানে পৌঁছেছে মাস্ক। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত ফোর্বস বিলিওনেয়ার্স তালিকায় এ তথ্য জানানো হয়।
তালিকা অনুযায়ী, তার এই বিশাল সম্পদ বৃদ্ধির পেছনে রয়েছে টেসলার শেয়ারের প্রায় ৭১ শতাংশ বৃদ্ধি এবং তার রকেট কোম্পানি স্পেসএক্সের উচ্চ মূল্যায়ন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ শতাংশ শেয়ার নিয়ে টেসলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার ইলন মাস্ক। বুধবার (১১ ডিসেম্বর) টেসলার শেয়ার রেকর্ড ৪২৪.৯ ডলারে পৌঁছায়। এদিকে স্পেসএক্সের শেয়ার বিক্রি থেকেও তার সম্পদ বেড়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বার্তাসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্স ও এর বিনিয়োগকারীরা ১.২৫ বিলিয়ন ডলারের সাধারণ শেয়ার কিনতে সম্মত হয়েছেন।
এ সম্পর্কে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘এটা অবাক করার মতো যে ৩৫০ বিলিয়ন ডলার মূল্যেও কোন বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে চায়নি!’
টেসলা ও স্পেসএক্স ছাড়াও নিউরালিংক নামক একটি ব্রেইন টেকনোলজি স্টার্টআপ কোম্পানির মালিক ইলন মাস্ক। সেই সাথে ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্কের কারণে তার ব্যবসা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোর্বস বিলিওনেয়ার্স তালিকা অনুযায়ী, মাস্কের পরবর্তী স্থানেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ২৪৩.৭ বিলিয়ন ডলার। অপরদিকে তৃতীয় স্থানে রয়েছেন ওরাকল এর কো-ফাউন্ডার ল্যারি এলিসন। তার মোট সম্পদের পরিমাণ ২২৩.৪ বিলিয়ন ডলার।
এসবি

