ভারতসহ ৭ দেশকে ‘অসহযোগী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২
ছবি : সংগৃহীত
ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলার সঙ্গে এবার ভারতকেও ‘অসহযোগী’ (আন-কোঅপারেটিভ) দেশের তালিকায় যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে ‘অসহযোগী’ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে।
এসব দেশের বিরুদ্ধে অভিযোগ, বৈধতার নথি না থাকা অভিবাসীদের প্রত্যর্পণ প্রক্রিয়ায় তারা যথাযথ সহযোগিতা করে না। আইসিই জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু ও নির্ধারিত ফ্লাইটে নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ।
আইসিইর বরাত দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতোমধ্যেই অভিবাসন ইস্যুতে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় এটা ছিল তার অন্যতম অস্ত্র।
আইসিইর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে বৈধতার কাগজপত্র না থাকা ১৪ লাখ ৫০ হাজার অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এদের মধ্যে ১৮ হাজারের বেশি ভারতীয় আছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সম্ভবত ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বড় অভিবাসীবিরোধী পদক্ষেপ নিতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি জানান, নিজ দেশে বৈধতার নথি না থাকা অভিবাসীদের খোঁজ পেতে তিনি সেনাবাহিনীকেও কাজে লাগাবেন। পাশাপাশি মেক্সিকো সীমান্তেও নিরাপত্তা জোরদার করার কথা বলেন তিনি। শুধু অভিবাসীই নয়, আরেকটি বিষয়ে ভারতের প্রতি কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। নরেন্দ্র মোদির প্রশংসা করলেও তিনি বলেছেন, ভারত অতিরিক্ত শুল্ক আরোপ করে। এজন্য তিনি পাল্টা তাদের ওপর বড় শুল্ক আরোপ করবেন।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন জানায়, গত তিন বছরে ৯০ হাজার ভারতীয় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছেন। তাদের মধ্যে অধিকাংশই গুজরাট, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। তবে যুক্তরাষ্ট্রে বৈধতার নথিপত্র না থাকা অভিবাসীর তালিকায় ভারতীয়রা শীর্ষে নয়। সবচেয়ে বেশি হন্ডুরাস ও গুয়েতেমালার অবৈধ অভিবাসী সেখানে রয়েছেন। এ সংখ্যা যথাক্রমে ২ লাখ ৬১ হাজার ও ২ লাখ ৫৩ হাজার।
এদিকে ভারতকে দেওয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত’ দেশের (এমএফএন) মর্যাদা বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এসবি

