Logo

আন্তর্জাতিক

নিজেকে বিজয়ী ঘোষণা করে ট্রাম্পের বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:১৪

অ
নিজেকে বিজয়ী ঘোষণা করে ট্রাম্পের বার্তা

ছবি : সংগৃহীত।

নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।

বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়ে নিজেকে নির্বাচনে জয়ী ঘোষণা করেন। খবর বিবিসির।

তিনি বলেন, আমেরিকা এমন একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে। এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে। একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।

ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।

ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করে ধন্যবাদ জানান। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান বেস্ট সেলার বই রয়েছে। তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।

যদিও ট্রাম্প এখনো প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি। তারপরও সমর্থকদের সামনে এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন রানিং মেট জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘আমেরিকা, আমেরিকা’ বলে স্লোগান দেন।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ কারণে তার বিজয় ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

ট্রাম্প তার প্রচারণার স্লোগান, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ উল্লেখ করে বলেন, এটি একটি মহান বিজয় যা আমাদের দেশের জন্য স্বর্ণযুগ নিয়ে আসবে।

এসবি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন