Logo

আন্তর্জাতিক

আসাদকে হটানো দলের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : ব্লিংকেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

অ
আসাদকে হটানো দলের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র : ব্লিংকেন

ছবি : সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ ডিসেম্বর) জর্দানের আকাবায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যদিও এর আগে গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা ও বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কর্মকর্তা হিসেবে ব্লিংকেন, বাইডেন প্রশাসন এবং হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস-এর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করলেন। 

ব্লিংকেন বলেন, ‘আমরা এইচটিএস ও অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। সিরিয়ার জনগণের প্রতি আমাদের বার্তা হচ্ছে এই যে, আমরা চাই তারা সফল হোক, আর সে জন্য আমরা তাদের সাহায্য করতে প্রস্তুত আছি।’ তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ কীভাবে হলো, তা সুনির্দিষ্ট করেননি তিনি।

সিরিয়ায় ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগের কথা ব্লিঙ্কেন এমন সময় জানালেন, যখন প্রায় ১২ বছর পর দামেস্কে দূতাবাস চালু করেছে তুরস্ক।

প্রসঙ্গত, এর আগে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত এইটিএসকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে অভিহিত করেছিল এবং তাদেরকে কোন রকম বস্তুগত সহায়তা দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এই নিষেধাজ্ঞায় তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপরে আইনত কোন বিধিনিষেধ নেই। 

দামেস্ক দখলের পর এইচটিএস নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছে। এইচটিএস নেতা আহমাদ আল-শারা শুক্রবার (১৩ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় ‘এই আশীর্বাদপুষ্ট বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে’ অভিনন্দন জানান। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন শারা সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার জন্য খুব ভালো মন্তব্য করছেন। তবে সুদূর ভবিষ্যতে তারা এটি অনুসরণ করতে পারবেন কিনা এ নিয়ে সন্দিহান মার্কিন যুক্তরাষ্ট্র। 

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন