দ. কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক, বাইডেনের সাথে ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
ছবি : সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। শনিবার (১৪ ডিসেম্বর) সংসদে আইনপ্রণেতাদের দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট ইউন সুক-ইওল অভিশংসিত হওয়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন হান।
এদিকে দায়িত্ব গ্রহণের পরেরদিনই দেশের মিত্রদের আশ্বস্ত করতে এবং আর্থিক বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নিয়েছেন তিনি। এই পদক্ষেপের আওতায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন হান ডাক-সু।
রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হান তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানান, ‘দক্ষিণ কোরিয়া তার বৈদেশিক এবং নিরাপত্তা নীতি সঠিকভাবে পরিচালনা করবে এবং দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মিত্রতা দৃঢ়ভাবে বজায় রাখতে এবং উন্নত করতে চেষ্টা করবে।’
এই ঘোষণার মাধ্যমে দেশটি সামরিক আইন ঘোষণার কারণে তার পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের পরিবর্তন হবে না বলে আন্তর্জাতিক মিত্রদের আশ্বস্ত করেন হান।
এছাড়া, অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন প্রণয়ন সিদ্ধান্তে হান ডাক-সু’র সম্পৃক্ততার কারণে তার অভিশংসন প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধান বিরোধী দল, ডেমোক্র্যাটিক পার্টি।
বিরোধী দলের নেতা লি জে-মিউং সাংবাদিকদের জানান, ‘যেহেতু প্রধানমন্ত্রী ইতোমধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং অতিরিক্ত অভিশংসন দেশের শাসনব্যবস্থায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
এই পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনে কথা বলেছেন হান। এসময় দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের মিত্রতার প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন হান।
ফোনালাপ সম্পর্কে বাইডেন বলেন, ‘আমরা দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র মিত্রতার প্রতি অটুট প্রতিশ্রুতি অব্যাহত রাখব এবং এটির মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করব।’
এছাড়া, বাইডেন দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতি তার অটুট সমর্থন জানিয়ে বলেন, ‘দক্ষিণ কোরিয়াতে গণতন্ত্র এবং আইনের শাসনকে আমরা অত্যন্ত মূল্যবান বলে মনে করি এবং এই মিত্রতা শান্তি এবং সমৃদ্ধির জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।’
এসবি

